হকারদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ-এর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তাঁর আরও অন্তত সাতজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধেও পূর্ব কলকাতার আনন্দপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী হকারদের দাবি, গত কয়েক বছরে কাউন্সিলর ও তাঁর সহযোগীরা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আদায় করেছেন। আনন্দপুর এলাকার একটি বাজারের হকার্স কমিটির অন্তত ১৩০ জন ব্যবসায়ী এই অভিযোগে সামিল হয়েছেন।
আরও পড়ুনঃ মমতার আস্ত নিউজ চ্যানেলের অফিস দখলের অভিযোগ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে বাজারে নতুন টিন ও শাটারের দোকান নির্মাণ করা হয়। অভিযোগ, কোন ব্যবসায়ী কত বড় দোকান পাবেন তা নির্ধারণ করে দেন অভিযুক্তরা এবং সেই অনুযায়ী একটি নির্দিষ্ট ‘রেটচার্ট’ তৈরি করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, ওই রেট অনুযায়ী তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে তৈরি হওয়া একাধিক দোকানও প্রায় ৬ লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ ক্লিক করুন এই লিঙ্কে; শুরু অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ
হকারদের দাবি, দোকান বিক্রি ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মোট প্রায় তিন কোটি টাকার লেনদেন হয়েছে। নতুন প্রশাসনিক পরিস্থিতির পর তাঁরা প্রকাশ্যে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের আবেদন, অতিরিক্ত যে অর্থ নেওয়া হয়েছে তা যেন তদন্তের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
ঘটনার সূত্রপাত চার বছর আগের হওয়ায় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে পুরনো ধারায় তোলাবাজির মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



