বিশেষ আবহাওয়া প্রতিনিধি, বঙ্গ বার্তা:
বিশ্বকর্মা পূজার পুণ্য তিথিতে আজ রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে সকাল থেকে গরম ও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের দ্বিতীয়ভাগে বিক্ষিপ্তভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের প্রভাবে স্থানীয়ভাবে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
শিল্পের অগ্রগতি ও নিরাপদ কর্মপরিবেশ সুনিশ্চিত করতে সকল শিল্পকর্মী, কারিগর ও প্রকৌশলীকে ‘বঙ্গ বার্তা‘র পক্ষ থেকে বিশ্বকর্মা পূজার আন্তরিক শুভেচ্ছা।
আরও পড়ুনঃ যন্ত্রের আরাধনা থেকে ঘুড়ি ওড়ানো; আজ উদযাপিত হচ্ছে ইঞ্জিনিয়ারের পুজো
শিল্পাঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
আজ রাজ্যের প্রধান শিল্পাঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাব্য চিত্র নিচে তুলে ধরা হলো:
| অঞ্চল / এলাকা | বৃষ্টিপাতের তীব্রতা ও সম্ভাবনা |
| খড়গপুর, হলদিয়া ও শালবনী | দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বজ্রপাতের আশঙ্কা। |
| কলকাতা, হাওড়া, ডানকুনি, আসানসোল-দুর্গাপুর, কল্যাণী ও রঘুনাথপুর | আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। |
আরও পড়ুনঃ টাটায় গৃহযুদ্ধ! টাটা সাম্রাজ্যে চরমে সংঘাত
বজ্রপাত সম্পর্কিত বিশেষ সতর্কতা:
শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক, কারিগর ও প্রকৌশলীদের বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু ধাতব কাঠামো এবং বিদ্যুৎ পরিবাহী সরঞ্জামের কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আন্দামান সাগরে তৈরি হচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়
দীর্ঘমেয়াদি আবহাওয়া মডেলের পর্যবেক্ষণ অনুযায়ী বঙ্গোপসাগরে বড় ধরনের সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে:
-
নিম্নচাপ সৃষ্টি: আগামী ১৯ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে।
-
গতিপথ ও তীব্রতা: পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও সংগঠিত হয়ে গভীর ও পরবর্তীতে অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। সম্ভাব্য গতিপথ অনুযায়ী এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।
-
দক্ষিণবঙ্গে প্রভাব: ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উক্ত পরিস্থিতি পর্যবেক্ষণাধীন থাকায় আগামী কয়েকদিনের স্যাটেলাইট ডাটা ও আবহাওয়ার মডেলের ওপর ভিত্তি করে এই পূর্বাভাসে সামান্য পরিবর্তন আসতে পারে।


