দীর্ঘ জল্পনার অবসান ঘটেছে আগেই ৷ শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। তাঁর পদত্যাগের পর পুরনিগমের প্রশাসনিক রাশ তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার আর বিমলার হাতে। পরবর্তী নির্বাচন না-হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনিই পুরনিগমের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন। এর আগে কলকাতা থেকে শুরু করে বিধাননগরের মতো একাধিক পুরনিগমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ৷
রাজনৈতিক পট পরিবর্তনের আবহে মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গৌতম। তাঁর এই পদত্যাগের পর স্বাভাবিকভাবেই শহরে চাঞ্চল্য ছড়ায় এবং পুরনিগমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুনঃ কোন গৌরী সেন ঢালাও ঘোষণার বাজেটে টাকা জোগাবে? গৌরী সেনের ঠিকানা এখনও স্পষ্ট নয়
তাঁর পদত্যাগের পর পুরনিগমের বাকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বোর্ড বাঁচাতে তৎপর হন। এমনকী সোমবার বোর্ড ধরে রাখার জন্য পুর কমিশনারকে ২৪ জন কাউন্সিলর নিজেদের সই সম্বলিত একটি চিঠিও দেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ বেলা গড়াতেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুরনিগমের হাল ধরতে রাজ্য সরকার অভিজ্ঞ আইএএস অফিসার আর বিমলাকে মনোনীত করল।
২০১০ ব্যাচের এই আমলা এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হিসেবে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন বলে প্রশাসনের একটি অংশের দাবি। এছাড়া কালিম্পং এবং আলিপুরদুয়ারের জেলাশাসক হিসেবেও তাঁর প্রশাসনিক দক্ষতা ও জনকল্যাণমুখী কাজের নজির রয়েছে। দূরদর্শী নেতৃত্ব এবং জটিল পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার কারণেই তাঁকে শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ পুরনিগমের প্রশাসক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও পড়ুনঃ সাবধান বাম-কংগ্রেস-বিজেপি! ‘বিদ্রোহী’ বিধায়ক-সাংসদ, খোদ মমতার ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’!
নতুন দায়িত্ব নেওয়ার পর আর বিমলা জানিয়েছেন, শিলিগুড়ির নাগরিক পরিষেবা প্রদান এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলিকে দ্রুত সম্পন্ন করাই তাঁর প্রথম অগ্রাধিকার। পুরনিগমের অভিজ্ঞ আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন। শহরের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন নতুন প্রশাসকের কর্মপদ্ধতির দিকে। ভোটের আগে পুরনিগমের প্রশাসনিক এই পরিবর্তন শিলিগুড়ির রাজনৈতিক মানচিত্রে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
এর আগে গত শুক্রবার পদত্যাগ করেন গৌতম ৷ বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকে তৃণমূলের মধ্যে দলীয় স্তরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্য়ে গৌতমের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ছিল এক বিরাট ধাক্কা ৷ এবার সেই শিলিগুড়ি পুরনিগমে বসল প্রশাসক ৷


