বিশেষ প্রতিনিধি:
সোশ্যাল মিডিয়া জগতে কনটেন্ট ক্রিয়েটরদের টেনে আনতে ফের এক বড় চমক হাজির করলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা উপার্জনের সরাসরি সুযোগ নিয়ে আসা হয়েছে। নতুন এই কর্মসূচির আওতায় ৩০ দিনে মাত্র ১৫টি ভিডিও পোস্ট করলেই পাওয়া যেতে পারে ৩ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৮৫ লক্ষ টাকা।
কী এই ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ প্রোগ্রাম?
এক্সের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা এই বিশেষ উদ্যোগটির নাম রাখা হয়েছে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’। তবে বোনাসের সম্পূর্ণ অর্থ পকেটে পুরতে ক্রিয়েটরদের মেনে চলতে হবে কয়েকটি সুনির্দিষ্ট নিয়মাবলী। নির্দেশিকা অনুযায়ী:
* ৩০ দিনের সময়সীমার মধ্যে অন্তত ১৫টি পৃথক দিনে সর্বনিম্ন একটি করে নিজস্ব ও মৌলিক ভিডিও পোস্ট করতে হবে।
* ভিডিওগুলি অবশ্যই হতে হবে ভার্টিক্যাল বা উল্লম্ব ফরম্যাটে।
* প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য রাখা যাবে সর্বোচ্চ তিন মিনিটের কম।
এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, উপার্জন ভিডিওর ভিউস বা লাইক-শেয়ারের ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ ভিডিওতে ব্যাপক ভিউ বা এনগেজমেন্ট না থাকলেও কেবল মাত্র নির্দিষ্ট নিয়ম মেনে শর্ত পূরণ করলেই ক্রিয়েটররা এই বোনাস পাওয়ার অধিকারী হবেন।
আরও পড়ুনঃ ফ্রান্সের একাধিক শহরে জারি হচ্ছে কারফিউ; বিক্ষোভে উত্তাল ফ্রান্স
কারা পাবেন এই সুযোগ ও যুক্ত হওয়ার নিয়ম
আপাতত এক্সের পক্ষ থেকে নির্বাচিত কিছু নির্দিষ্ট কনটেন্ট ক্রিয়েটরদেরই এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ফলে এই বোনাস প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য সার্বিক যোগ্যতা বা মানদণ্ড কী, তা এখনো প্রকাশ্যে আনা হয়নি।
যাঁদের কাছে এক্স কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণপত্র বা বার্তা পৌঁছাবে, তাঁরা প্ল্যাটফর্মের ‘ক্রিয়েটর স্টুডিও’-এর অধীনে থাকা ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে সরাসরি এতে যুক্ত হতে পারবেন। অন্য কোনো প্ল্যাটফর্মে আগে পোস্ট করা নিজস্ব ভিডিও এক্সে দেওয়া যাবে, তবে সেটিতে যেন অন্য প্ল্যাটফর্মের কোনো লোগো বা ওয়াটারমার্ক না থাকে।
ভিডিও কনটেন্টের বাজারে প্রতিযোগীদের টেক্কা দিতে এবং ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে বেশি সময় আটকে রাখতেই মাস্কের এক্স-এর এই বিশাল অর্থ বিনিয়োগ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


