কলকাতা পুলিশের অন্দরে আরও বেশি সমন্বয় চাইছে লালবাজার। ঝড়বৃষ্টির মরসুম চলছে। এর মধ্যে তারাতলার মতো বিপর্যয় ঘটে গিয়েছে। বিপর্যয় মোকাবিলায় পুলিশের তৎপরতাও নজরে এসেছে। দুর্ঘটনার আধ ঘন্টার মধ্যেই শুরু হয়েছে উদ্ধার অভিযান। বৃহস্পতিবার তা নিয়ে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে এতেই সন্তুষ্ট থাকছেন না কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি চাইছেন, প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনও দুর্ঘটনা—সব ক্ষেত্রে আরও বেশি তৎপরতা আসুক বাহিনীতে। সেই মর্মে ইতিমধ্যে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন কলকাতা পুলিশের সর্বস্তরে।
আরও পড়ুনঃ মহরমের আগে কড়া লালবাজার, ডিজে ও অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা
সূত্রের খবর, পুলিশের সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন সিপি অজয়। তাঁর কড়া নির্দেশ, বড় ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ে পুলিশের সর্বস্তরের অফিসারদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সঠিক সময় সব তথ্য আদানপ্রদান করতে হবে।
লালবাজার সূত্রে খবর, অতীতে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, বিভিন্ন থানার ওসিরা সব ক্ষেত্রে সময় মতো লালবাজার কন্ট্রোল রুমে খবর দেন না। থানা ডিভিশনাল কন্ট্রোল রুম এবং লালবাজার কন্ট্রোল রুমের মধ্যে সময়মতো তথ্যের আদান-প্রদানে বিভিন্ন সময়ে ঘাটতি থেকে যায়। এই সমস্যাগুলি দূর করার দিকে জোর দিয়েছেন কমিশনার। সর্বস্তরে পর্যাপ্ত সমন্বয়ের ঘাটতি বিপর্যয়ের মুহূর্তে বা আইনশৃঙ্খলা জনিত ঘটনায় পুলিশের হস্তক্ষেপে দেরি ঘটিয়ে দিতে পারে বলে মনে করছেন তিনি। এবার তাই পুলিশের সব স্তরে সমন্বয় বাড়াতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন কলকাতার নগরপাল।
লালবাজার সূত্রে খবর, সিপি স্পষ্ট করে দিয়েছেন, কোনও থানা এলাকায় কোনও বড় ঘটনা ঘটলে, সংশ্লিষ্ট থানার ওসিকে এক মুহূর্তও সময় ব্যয় না করে লালবাজার কন্ট্রোল রুম ও ডিভিশনাল কন্ট্রোল রুমকে তথ্য জানাতে হবে।
আরও পড়ুনঃ উঁচু প্রতিমা তৈরিতে নিষেধাজ্ঞা; দুর্গাপুজোর আগে কড়া নির্দেশ লালবাজারের
সূত্রের খবর, সিপি আরও জানিয়েছেন, লালবাজার কন্ট্রোল রুম ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ সব সিনিয়র অফিসারকে জানাবে। কোনও অফিসার ছুটিতে থাকলেও তাঁকে জানাতে হবে। বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজে সব এজেন্সিকে তথ্য দ্রুত জানাতে হবে। সময়মতো তথ্য জানাতে হবে ডিভিশনাল ডিসিদেরও। প্রত্যেকের কাছে তথ্য পৌঁছানোর পর প্রতি মুহূর্তে তথ্যের আদান-প্রদান এবং নিজেদের মধ্যে কথা বলতে হবে।
নির্দেশগুলি সঠিকভাবে পালন না করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও পুলিশ কমিশনার সতর্ক করে দিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, সম্প্রতি কাশীপুরে একটি ডাকাতির ঘটনায় সেখানকার ওসি সময় মত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বলে অভিযোগ ওঠে। যার জেরে তাঁকে বদলিও করা হয়। তার পরেই সিপির এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও বহু ঘটনায় বিভিন্ন থানার ওসিরা লালবাজার কন্ট্রোল রুমকে সময় মত জানাতেন না বলে অভিযোগ উঠে এসেছিল। সেই ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, সেই কারণেই নির্দেশ বলে মনে করা হচ্ছে।


