বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি শেষ। গতকাল রাতেই শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত থেকেই ফ্রিজ় হয়ে গিয়েছে প্রথম দফা ভোটের ভোটার তালিকা। কিন্তু, সব তো হল, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গেল, তা কি জানা গেল? সোমবার রাতেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকা ফ্রিজ় হওয়া পর্যন্ত প্রায় ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে।
আরও পড়ুনঃ সুপ্রিম হুঁশিয়ারি! “রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি..”
এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যাবে। তবে, কমিশনের রিপোর্ট অনুযায়ী বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। যে ১১টি রাজ্যে এসআইআর হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্যে ২ কোটির বেশি ভোটারের নাম বাদ গিয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জেলাওয়াড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল বিবেচনাধীন ভোটারের তালিকায় রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। গতকাল রাতেই সব নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যায়, ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। তবে, সব নামের নিষ্পত্তি হলেও শুধুমাত্র ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যানই প্রকাশ করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে ই-সাক্ষর করা হয়নি। সেক্ষেত্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে।



