গায়ে হাত দেওয়া হয়েছে, ধাক্কা মেরেছে – বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভবানীপুর বিধানসভার গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপির কমিশন। আমি কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং মনোজ আগরওয়ালের কাছেও অভিযোগ করেছি। কিন্তু তাঁরা কিছুই করছেন না। আপনারা কি মনে করেন এটা জয়? এটা একটা অনৈতিক বিজয়, নৈতিক বিজয় নয়। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলে যা কিছু করেছে, তা সম্পূর্ণ বেআইনি। এটা শুধু লুট, লুট আর লুট। আমরা ঘুরে দাঁড়াব।’
আরও পড়ুনঃ বামপন্থী ভোটব্যাংকের নিঃশব্দ স্থানান্তর; বাম ভোটের ‘রাম’ মুখী স্রোতেই কি কেল্লাফতে বিজেপির?
সেইসঙ্গে তিনি বলেন, ‘বিকাল তিনটে থেকে ওরা আমাদের মারছে। আমি মার খেয়েছি। সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কোনও এজেন্টকেই (গণনা কেন্দ্রের) ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ডিইও (জেলা নির্বাচনী আধিকারিক) আমায় আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হবে। কিন্তু এরপর থেকে তাঁকে আর কোথাও পাওয়া যায়নি। আমি সব জায়গায় অভিযোগ করেছি।’
আরও পড়ুনঃ ফাইল সরালেই কড়া শাস্তি! নবান্নে জারি হাই-অ্যালার্ট নির্দেশিকা
আর মমতা যখন সেই কথাগুলো বলছিলেন, তখন আশপাশে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মী-সমর্থকরা ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। কেউ-কেউ বলতে থাকেন, ‘চোর মমতা দূর হটো।’ একইভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেওয়া হতে থাকে।


