চেয়ারে বসেই অ্যাকশন মুডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি৷ বুধবার তিনি জানান, উল্টোডাঙায় ভয়াবহ আগুন লাগা বহুতল ভবনটি সম্পূর্ণ অবৈধ বলে প্রমাণিত হয়েছে। কলকাতা পুরসভার নথিতে এই ভবনের কোনও অস্তিত্বই নেই। অথচ পুরসভা ওই ভবনে ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে। কোনও বিল্ডিং প্ল্যানও অনুমোদিত ছিল না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছেন। তিনি জানিয়েছেন, অবৈধ কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ বিকল্প শক্তির সন্ধানে বাংলা! ট্রামই কি হতে পারে কলকাতার তুরুপের তাস?
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি’কে নির্দেশ দেওয়া হয়েছে শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে। বিশেষ করে কসবা, তিলজলা, ইকবালপুর ও মোমিনপুর এলাকায় এই অভিযান চালানো হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, একদিনের মধ্যে পুর ও নগরোন্নয়ন সচিবকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং কেএমসির সাহায্যে এই কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যারা সতর্ক হতে চান, এখনই সতর্ক হয়ে যান। আমরা সংশোধনের সুযোগ দিচ্ছি, কিন্তু এই ধরনের অবৈধ কার্যকলাপ আর চলবে না।”
এই ঘটনা দেখিয়ে দিচ্ছে , কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ বড় আকারে ছড়িয়ে পড়েছে। এসব ভবনে বাণিজ্যিক কার্যকলাপ চললেও পুরসভার নথিতে কোনও অনুমোদন নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।
সরকারের এই পদক্ষেপ রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটি বড় অভিযানের সূচনা বলে মনে করা হচ্ছে।


