দক্ষিণ কলকাতার নাকতলার মহাঋষি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! মৃত পড়ুয়ার নাম আয়ূষ কুমার নাথ। তৃতীয় শ্রেণির ক বিভাগের ছাত্র। তাঁর এই অকাল মৃত্যুতে বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে উদাসিনতার অভিযোগ! তৃতীয় শ্রেণির এই ছাত্রের মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
আরও পড়ুনঃ স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
জানা গেছে, স্কুলে আসার পর শিশুটির শরীর অসুস্থ হয়ে পড়ে। সে বারংবার শরীর খারাপের কথা বলা সত্ত্বেও তাকে প্রাথমিক চিকিৎসাটুকু না করেই শিক্ষিকারা বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেয় বলে অভিযোগ। বন্ধুরা তাকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দিলে সে জানায়, সে পা ফেলতে পারছে না! তাতেও টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষের! এমনকি শিশুটির বাড়িতেও খবর দেওয়া হয়নি! সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরোনোর সময় সে মাসিদের সাহায্য চায়। জানা যায়, মাসিরাও তাকে সাহায্য করেনি! এরপর সিঁড়ি দিয়ে ভারি ব্যাগ নিয়ে নামার সময় সে পড়ে যায়। যার ফলে তার মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে। ইন্টারনাল হ্যামারেজ হয়। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর যমে মানুষে টানাটানির পর গত রবিবার তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ পুলিশের জালে প্রাক্তন বিডিও ‘গুণধর’ প্রশান্ত
স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। এই সময় স্কুলের গরমের ছুটি চলায় স্কুল কর্তৃপক্ষের কারোর সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। স্কুলের প্রিন্সিপালের ফোন বেজে গেলেও তিনি তা ধরেননি বলেই অভিযোগ অভিভাবকদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



