দেবজিৎ মুখার্জি, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
গত শুক্রবার ধর্মতলায় নিট আন্দোলন ও ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে গোলমাল এবং সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে এবার পাল্টা পথে নামল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। সোমবার দলীয় পতাকা ছেড়ে হাতে জাতীয় পতাকা নিয়ে কলকাতার দুটি পৃথক প্রান্ত থেকে জোড়া মিছিল করেন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অপর মিছিলটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আয়োজিত হয়।
আরও পড়ুনঃ “বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী
বিকেল সাড়ে তিনটের পর শিয়ালদহ থেকে জাতীয় পতাকা হাতে ধর্মতলার উদ্দেশে মিছিল শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ ও অগ্নিমিত্রা পালসহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব।

রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করে বলেন, “নিট আন্দোলনের নামে দেশে হিংসা ও অরাজকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে। কংগ্রেস আমলে ৫৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।” বিধায়ক সজল ঘোষ প্রশ্ন তোলেন, “যারা হিংসা ছড়িয়ে গ্রেফতার হয়েছে, তারা কীভাবে ছাত্র হতে পারে?” ধৃতদের কড়া শাস্তির দাবি তোলার পাশাপাশি সিপিএম, কংগ্রেস ও তৃণমূলকে একযোগে নিশানা করেন তিনি।
আরও পড়ুনঃ ‘এই জয় কার্গিলের..,’ পাকিস্তান-বধ করে শহিদদের শ্রদ্ধার্ঘ্য জাদুমণির
অন্য দিকে, বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ জানান, পড়ুয়াদের শিখণ্ডি করে দেশভাগের চেষ্টা চালানো হচ্ছে এবং বেছে বেছে পুলিশ ও সংবাদমাধ্যমকে টার্গেট করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার বাম ছাত্র সংগঠন এসএফআই-সহ একাধিক সংগঠনের যৌথ মিছিলে দেশবিরোধী স্লোগান দেওয়া, আপত্তিকর পোস্টার প্রদর্শন এবং সংবাদসংগ্রহে যাওয়া একাধিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই অরাজকতা ও হিংসার প্রতিবাদেই সোমবার রাজ্যজুড়ে এই সুর চড়াল বিজেপি।


