বিশেষ প্রতিনিধি:
বেকারত্ব আর দক্ষ কর্মীর অভাব নিয়ে আলোচনার মাঝেই চাকরি বাজিমাত করল এক চারপেয়ে! দিনরাত নিয়ম করে দায়িত্ব পালন করায় একটি হলদে রঙের বিড়ালকে আনুষ্ঠানিকভাবে সাম্মানিক পদের স্বীকৃতি দিল মুম্বই মেট্রো কর্তৃপক্ষ। মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (MMMOCL)-এর অধীনে থাকা ‘গুন্ডাভালি’ মেট্রো স্টেশনের এই বাসিন্দা এখন সরকারিভাবে স্টেশনের ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer) বা প্রধান মার্জার আধিকারিক।
আরও পড়ুনঃ বাড়ির গেটের কাছে ঠাঁয় দাঁড়িয়ে; শূন্য বাড়িতে একা অপেক্ষা
সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে চাকরির পদমর্যাদা
গুন্ডাভালি স্টেশনে দীর্ঘদিন ধরে শান্তশিষ্ট এক হলদে বিড়ালকে ঘুরে বেড়াতে ও গভীর নজরদারি চালাতে দেখতেন সন্দেশ সামন্ত নামে এক নিয়মিত মেট্রো যাত্রী।
-
যাত্রীর অভিনব আবেদন: বিড়ালটির ‘কাজের নিষ্ঠা’ দেখে সন্দেশবাবু সেটির একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি এমএমএমওসিএল-কে ট্যাগ করে আর্জি জানান, দিনরাত কোনো ফাঁকি না দিয়ে যে প্রাণীটি স্টেশন পাহারা দিচ্ছে, তাকে মেট্রোর একটি চাকরি দেওয়া হোক।

-
মেট্রো কর্তৃপক্ষের সাড়া: পোস্টটি নজর কাড়ে মেট্রো কর্তৃপক্ষের। সন্দেশের আবদারে সায় দিয়ে পরের দিনই আনুষ্ঠানিকভাবে পোস্ট করে মেট্রো কর্তৃপক্ষ জানায়— এই বিড়ালটিই তাদের ‘চিফ ফেলাইন অফিসার’।
আরও পড়ুনঃ ২৫তম সীমান্ত বৈঠকে যোগ দিতে বেইজিংয়ে অজিত ডোভাল
কী কাজের দায়িত্বে ‘সিএফও’?
মজাদার এক বার্তায় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের এই নতুন আধিকারিকের প্রধান দায়িত্ব হলো:
-
স্টেশন পরিদর্শন ও নজরদারি: সারাদিন স্টেশনের আনাচে-কানাচে ঘুরে নজর রাখা।

-
উপযুক্ত স্থানে অবস্থান: ঠিক জায়গায় গম্ভীর হয়ে বসা, যাতে সকল যাত্রী তার গুরুত্ব বুঝতে পারেন ও প্রশংসা করেন।
কর্তৃপক্ষ হালকা চালে জানিয়েছে যে, এখনও পর্যন্ত তার কাজের ‘পারফরম্যান্স’ অত্যন্ত প্রশংসনীয়! যদিও নতুন সিএফও-র কোনো নির্দিষ্ট কেবিন বা আইডি কার্ড নেই, কারণ গোটা স্টেশন ঘুরে নজরদারির কাজটাই যে তার আসল দায়িত্ব! মুম্বই মেট্রোর এমন উদ্যোগ যাত্রীদের মধ্যে দারুণ বিনোদন ও কৌতুহলের সৃষ্টি করেছে।


