কলকাতা:
দলের অভ্যন্তরে যৌন হেনস্তার ঘটনা রুখতে এবার আরও কঠোর সাংগঠনিক অবস্থান নিতে চলেছে বঙ্গ সিপিএম। দলীয় সূত্রে খবর, এতদিন সাংগঠনিক শাস্তির পাশাপাশি অভিযুক্তদের আত্মসংশোধনের সুযোগ দেওয়ার যে প্রথা প্রচলিত ছিল, তা থেকে সরে আসার ভাবনাচিন্তা শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট। যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগের প্রমাণ মিললে সরাসরি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষেই মত তৈরি হচ্ছে শীর্ষ নেতৃত্বের মধ্যে।
আরও পড়ুনঃ ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশটা নিয়ে নেব’, বললেন এপার বাংলার পরিবহনমন্ত্রী অর্জুন সিং
কেন এই কঠোর পদক্ষেপের ভাবনা? দলীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে একের পর এক শীর্ষনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নিতে হয়েছে। পাশাপাশি, দলের যুব সংগঠনের মধ্যেও এই প্রবণতা বাড়ছে বলে অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। সম্প্রতি ডিওয়াইএফআই (DYFI)-এর কলকাতার এক শীর্ষ নেতার বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে দলের অন্দরে তৎপরতা আরও বেড়েছে।
নেতৃত্বের বক্তব্য ও অতীতের প্রেক্ষাপট এই বিষয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানান, কারও বিরুদ্ধে অভিযোগ এলেই তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় না, তবে তদন্তে দোষী প্রমাণিত হলে কেউ ছাড়ও পান না।
উল্লেখ্য, সিপিএমের অন্দরে নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়:
-
২০১২ সাল: কোঝিকোড় পার্টি কংগ্রেসে প্রথম এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।
-
২০১৫ সাল: বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসের সম্পাদকীয় প্রতিবেদনেও বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন তিনি। সে সময় বাংলা থেকে কোনো অভিযোগ না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বিষয়টি গভীরভাবে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
-
পরবর্তীকালে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসায় দলের অন্দরে শাস্তির ধরন নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়।
আরও পড়ুনঃ দিল্লি থেকে ঢাকায় ফেরার ইচ্ছা হাসিনার, তার আগেই AI ভিডিওয় সরগরম বাংলাদেশ
২০২৮ সালের পার্টি কংগ্রেসে চূড়ান্ত নীতি পার্টি নেতৃত্বের একাংশের মতে, সংগঠনের মর্যাদা ও নারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌন হেনস্তার অভিযোগকে কোনোভাবেই লঘু করে দেখা উচিত নয়। যথাযথ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে সংশোধনের নামে দ্বিতীয় সুযোগ না দিয়ে সরাসরি কঠোরতম ব্যবস্থা নেওয়াকেই সাংগঠনিক নীতিতে পরিণত করতে চাইছেন নেতারা। সূত্রের খবর, আগামী বছরের শেষ দিক থেকে দলের সাংগঠনিক সম্মেলন প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৮ সালে অনুষ্ঠিতব্য রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেসে নিচুতলা থেকে আলোচনার মাধ্যমে এই কঠোর নীতি চূড়ান্ত করা হবে।


