Monday, 15 June, 2026
15 June
Homeউত্তরবঙ্গAlipurduar: সুরেন্দ্রনাথের ছায়া আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে; ইউনিয়ন রুমে মদের বোতল, কন্ডোম, মাদকের সিরিঞ্জ

Alipurduar: সুরেন্দ্রনাথের ছায়া আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে; ইউনিয়ন রুমে মদের বোতল, কন্ডোম, মাদকের সিরিঞ্জ

দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুম তৃণমূলপন্থী ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে ছিল ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সুরেন্দ্রনাথ কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিয়ন রুম ঘিরে চাঞ্চল্য । এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম খুলতেই উদ্ধার হল মদের বোতল, কন্ডোমের প্যাকেট, মাদক সেবনের সিরিঞ্জ, তাস-সহ একাধিক সামগ্রী । ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অভিযোগ, গত ৪ঠা  মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিনই তারা ইউনিয়ন রুমের সামনে নিজেদের পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দেয় । তারপর থেকে ওই ঘরে আর কেউ প্রবেশ করেনি । সোমবার হঠাৎ দেখা যায়, ইউনিয়ন রুমের সামনে তাদের পতাকা নেই । এরপর উপাচার্যের কাছে ঘরের চাবি চাইলেও তা না মেলায় ছাত্ররা তালা ভেঙে ভিতরে ঢোকে । আর তাতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য ।

আরও পড়ুনঃ বিস্ফোরক গোপন রিপোর্ট সামনে আনল ‘দ্য স্টেটসম্যান’! মদ-নীতিতে ‘হাজার কোটির লুট’

এবিভিপি-র ছাত্রদের দাবি, ঘরের ভিতরে ঢুকেই তারা দেখতে পান যত্রতত্র ছড়িয়ে রয়েছে খালি মদের বোতল, কন্ডোমের প্যাকেট, মাদক সেবনের সিরিঞ্জ, গাঁজা সেবনের সরঞ্জাম, তাস এবং সিগারেটের অবশিষ্টাংশ । শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ছাত্রদের উপস্থিতির খাতাও ! কীভাবে একটি ছাত্র ইউনিয়নের ঘরে এই সমস্ত সামগ্রী এল এবং কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা ।

এবিভিপির আলিপুরদুয়ার শহর সম্পাদক রজত দে সরকার বলেন, “একটি ছাত্র ইউনিয়ন রুম ছাত্রদের সাংগঠনিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ার কথা। সেখানে যদি মদের বোতল, মাদকের সিরিঞ্জ, গাঁজার সরঞ্জাম কিংবা কন্ডোম পাওয়া যায়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক । আমরা কখনও ভাবতে পারিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে । এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ।”

তাঁর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুম তৃণমূলপন্থী ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে ছিল । সেই সময়েই এই ধরনের কর্মকাণ্ড চলত বলে দাবি করেন তিনি । যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের ছাত্র সংগঠনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুনঃ রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য; তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত

এই ব্যাপারে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎ কুমার চৌধুরী বলেন, “আমি শুনেছি ছাত্ররা ইউনিয়ন রুমে প্রবেশ করেছে । তবে এখনও পর্যন্ত আমার কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি । আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না । ফলে কী উদ্ধার হয়েছে বা আদৌ কিছু পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয় ।”

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । ছাত্রদের একাংশের দাবি, বিষয়টি ধামাচাপা না দিয়ে অবিলম্বে প্রশাসনিক তদন্ত শুরু করতে হবে । শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত একটি বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম থেকে এমন সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যাম্পাস সংস্কৃতি ও ছাত্র রাজনীতির চরিত্র নিয়ে । এখন নজর, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ করে তার দিকে ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন