বোলপুর পুরসভার ‘চেয়ারপার্সন’ পদ থেকে ইস্তফা দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পর্ণা ঘোষ ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার বোলপুরের মহকুমাশাসক অনিমেষ কান্তি মান্নার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি ।

জানা গিয়েছে, আগামী সোমবার, অর্থাৎ ২২ জুন কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেবেন তিনি । এই পর্ণা ঘোষ হলেন অনুব্রতর সমস্ত নির্দেশ পালনকারী দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের স্ত্রী ৷
প্রসঙ্গত, ২০২০ সালে তৎকালীন পুর প্রশাসনে বড় পরিবর্তনের সময় প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ভকতকে সরিয়ে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়ছিল পর্ণা ঘোষকে । রাজনৈতিক মহলের একাংশের মতে, তৎকালীন তৃণমূল-কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সুশান্ত ভকতের মত পার্থক্যের জেরেই জোরপূর্বক পরিবর্তন আনা হয়েছিল ।
আরও পড়ুনঃ বিরল প্রাকৃতিক ঘটনা! হুগলি নদীতে জোড়া ‘টর্নেডো’
কার্যত অনুব্রত মণ্ডলের নির্দেশেই সুশান্ত ভকতকে সরিয়ে দেওয়া হয়ছিল বোলপুর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে । সেই জায়গায় পর্ণা ঘোষকে পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছিল । ২০২২ সালে পুরসভা নির্বাচন হয় । সেখানে ১২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল-কংগ্রেসের টিকিটে জয়লাভ করলে তাঁকে চেয়ারপার্সন পদের পূর্ণ দায়িত্ব দেওয়া হয় ।
পর্ণা ঘোষের আরেক পরিচয় তিনি বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের স্ত্রী । দীর্ঘদিন ধরে দলের জেলা সম্পাদক পদে আসীন সুদীপ্ত । পাশাপাশি তিনি বোলপুর পুরসভার আধিকারিক পদে কর্মরত । এছাড়াও পুরসভার ‘মেন্টর’ হিসেবেও তাঁর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা ছিল ।

বিরোধীদের অভিযোগ ছিল, পুরসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যকলাপের ক্ষেত্রে সুদীপ্ত ঘোষের প্রভাব ছিল অত্যন্ত বেশি । এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত । তাই তাঁর অনুমোদন ছাড়া বহু কাজ কার্যকর হত না বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে । সদ্য ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় সুদীপ্ত ঘোষের নাম বোলপুর থানায় অভিযোগপত্রে অন্তর্ভুক্ত হওয়ার পরেই পর্ণা ঘোষের পদত্যাগের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
যদিও পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন বলেই স্পষ্ট হয়েছে । তবে আপাতত তিনি চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন । আগামী সোমবার কাউন্সিলরের পদ থেকেও অব্যাহতি চেয়ে আবেদন করবেন বলে খবর ।
এই প্রসঙ্গে বোলপুরের মহকুমাশাসক অনিমেষ কান্তি মান্না বলেন, “বোলপুর পুরসভার চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিয়েছেন ।” অন্যদিকে, এ বিষয়ে পর্ণা ঘোষের সঙ্গে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
আরও পড়ুনঃ শিলিগুড়ির মেয়র পদ থেকে সরলেন গৌতম দেব, পদত্যাগ মুর্শিদাবাদ, বহরমপুর ও আলিপুরদুয়ারের পুরপ্রধানদের
তবে তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ বলেন, “আমার স্ত্রী চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কাউন্সিল পদ থেকেও পদত্যাগ করবেন ।”
২০২০ সাল থেকে বিভিন্ন সময়ে বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডের প্রশাসনিক কর্মকাণ্ডে পর্ণা ঘোষ ও সুদীপ্ত ঘোষকে কেন্দ্র করে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে । রাজ্যে পালাবদলের পর পুরসভায় আসা বন্ধ করে দিয়েছিলেন পর্ণা । এমন পরিস্থিতিতে তাঁর আকস্মিক পদত্যাগ ঘিরে শহরজুড়েই জল্পনা ও বিভ্রান্তি ছড়িয়েছে ।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অনুব্রত মণ্ডলের বোলপুর থানার তৎকালীন আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার যে অডিও ভাইরাল হয়েছিল, তাতেও অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘সুদীপ্ত কালই ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা কর৷ আইসিকে চুলের মুঠি ধরে আমি বের করে আনব ।” যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল ৷


