পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে রবিবার। প্রতিবাদ জানাতে যে জমায়েত হয়, তারাই পুলিশের উপর হামলা করে বলে অভিযোগ। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়ে এলেন, পুলিশের উপর কোনও ধরনের হামলা তিনি বরদাস্ত করবেন না।
আরও পড়ুনঃ পার্কসার্কাস কাণ্ডে তৎপর কলকাতা পুলিশ! গ্রেফতার বেড়ে ৪০
সোমবার সকালে সাউথ ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়েছে। কলকাতাতেও বন্ধ হওয়া দরকার। যদি মনে করেন, আগের সরকার আছে, আগের মতো পুলিশ ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে ভুল করছেন।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “গুণ্ডামি, অসামাজিক কাজকর্মে অনুমতি দেব না। পুলিশমন্ত্রী হিসেবে বলে গেলাম, পুলিশের গায়ে হাত পড়লে সরকার আইন প্রয়োগ করবে। যতদূর যেতে হয় হবে। শুধু গ্রেফতারি, নয় শাস্তি দেওয়া পর্যন্ত মনিটরিং করবে সরকার।” শুভেন্দু আরও বলেন, “পুলিশ আহত হবে, আর মুখ্যমন্ত্রী এসি ঘরে বসে থাকবে, ওই দিন শেষ। পুলিশ আহত হলে আমি নিজে দেখব। শাস্তির ব্যবস্থা করব।”
আরও পড়ুনঃ বড় মা সবার; ভিআইপিদের জন্য বিশেষ খাতির বন্ধ
পুলিশের উপর হামলার ঘটনা নতুন নয়। তৃণমূল জমানাতেও একাধিকবার ইট বৃষ্টির মুখে পড়তে হয়েছে পুলিশকে। এমনকী তৃণমূল জমানার একেবারে শুরুর দিকেই এসআই তাপস চৌধুরীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। এবার পুলিশকে কার্যত খোলা হাতে কাজ করার বার্তা দিলেন শুভেন্দু।
প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায় বলেন, আর্টিকল ১৪-এ বলা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ পুলিশের গায়ে হাত দেয়, সরকারি কাজে বাধা দেয় তাহলে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



