ভোটের গরমে উত্তপ্ত উত্তরবঙ্গ। আর সেই উত্তাপ আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার জলপাইগুড়ির সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বলেন, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।” একজন প্রতিবেশি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এমন চরমপন্থী হুঙ্কারে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার ৮০০ কর্মী; হাইকোর্টে ছুটল তৃণমূল
ব্যক্তিগত আক্রমণ ও চ্যালেঞ্জ
হিমন্তের নিশানায় ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রীর মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না, তিনি সারাদিন মোদী-শাহর নাম জপেন।” হিমন্ত দাবি করেন, গত তিনদিন ধরে মমতা তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার ভয় দেখাচ্ছেন। সেই প্রসঙ্গেই চ্যালেঞ্জ ছুড়ে অসমের মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর এবার সমানে সমানে হবে।”
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে তলব ইডির
তৃণমূলের পাল্টা ‘গৃহযুদ্ধ’ তোপ
হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন, হিমন্ত কার্যত ‘গৃহযুদ্ধের’ ডাক দিচ্ছেন। তিনি বলেন, “একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে তিনি খোলাখুলি বন্দুকের ভাষায় কথা বলেন? দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই প্ররোচনামূলক বক্তব্যে নীরব?”
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্যুভিত্তিক লড়াইয়ের বদলে হিমন্তের এই ‘রক্তক্ষয়ী’ হুঁশিয়ারি বাংলার ভোট-ময়দানকে এক অভূতপূর্ব সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।



