নির্বাচনী প্রচারে কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছিলেন যাদবপুরের ছাত্ররা দেশবিরোধী কর্মে লিপ্ত। এই মন্তব্যে সেইসময় বিরোধিতা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারপর কেটে গিয়েছে প্রায় ২ মাস। মাত্র ২ মাসেই প্রমাণিত হল প্রধানমন্ত্রীর সেই বিতর্কিত মন্তব্য। মাওবাদী কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে যাদবপুরের রিসার্চ স্কলারের বাড়িতে পৌঁছে গেল NIA।
বাঘাযতীনে সমাজকর্মী ও গবেষক ঝিলম রায়ের বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তল্লাশিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। ১৮ জুন এনআইএ আধিকারিকরা তাঁর বাড়িতে অভিযান চালান। তদন্তকারী সংস্থার দাবি, ঝাড়খণ্ডে ২০২২ সালে দায়ের হওয়া একটি মাওবাদী নাশকতা এবং ভারতের পূর্বাঞ্চলে সিপিআই (মাওবাদী)-র নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার চেষ্টার মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে। যদিও ঝিলম রায় স্পষ্ট জানিয়েছেন, ওই মামলার ঘটনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই তদন্তে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সম্ভাব্য যোগাযোগ এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই কলকাতার বাঘাযতীন এলাকায় ঝিলম রায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়েকটি সামগ্রী নিজেদের হেফাজতে নেন। ঝিলম রায়ের দাবি, তাঁর বাড়ি থেকে দুটি লিটল ম্যাগাজিনের কপি এবং একটি রসিদ বই নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাঁচিতে অবস্থিত এনআইএ দফতরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঝিলম রায় জানিয়েছেন, তিনি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ২০২২ সালে যে ঘটনার তদন্তকে কেন্দ্র করে এই তল্লাশি চালানো হয়েছে, সেই সময় তিনি সংশ্লিষ্ট এলাকায় উপস্থিতও ছিলেন না বলে দাবি করেন। তাঁর কথায়, তদন্তকারী সংস্থা যা জানতে চেয়েছে, তিনি তার উত্তর দিয়েছেন এবং ভবিষ্যতেও আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।
আরও পড়ুনঃ শিলিগুড়ির মেয়র পদ থেকে সরলেন গৌতম দেব, পদত্যাগ মুর্শিদাবাদ, বহরমপুর ও আলিপুরদুয়ারের পুরপ্রধানদের
ঝিলম রায় কলকাতার বিভিন্ন গণআন্দোলন ও নাগরিক আন্দোলনের পরিচিত মুখ। তিনি ‘ফেমিনিস্টস ইন রেজিস্ট্যান্স’ নামের একটি নারী অধিকার ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। নাগরিকপঞ্জি (এনআরসি), ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) এবং পার্ক সার্কাস-সহ একাধিক গণআন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। ফলে তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি রাজনৈতিক ও নাগরিক সমাজের একাংশের মধ্যেও কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।


