কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
আজ সাতসকালে নকশালবাড়িতে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই একটি চারচাকার গাড়ি। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি দুই নম্বর এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড় এলাকায়।
আরও পড়ুনঃ তারাপীঠে ‘অলৌকিক কাণ্ড’! সংস্কারের জন্য কুণ্ড খালিই করা যাচ্ছে না, জল তুলে ফেললেই ফের ভরে যাচ্ছে…!
ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি জখম এক শিশু সহ সাতজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রসিদ মিয়া (৪৮)। তিনি কোচবিহারের ঘোকসাডাঙার বাসিন্দা। বাকি জখমরাও কোচবিহারের বাসিন্দা। শিলিগুড়ি হয়ে নেপালের একটি ইটভাটায় শ্রমিকের কাজে যাচ্ছিলেন তাঁরা।
এদিন ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছাকাছি কোয়ার্টার মোড়ে রাস্তার ধারে গাড়িটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অনুমান করা হচ্ছে যে, গাড়িটি কোনও লরির পেছনে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নীচু জায়গায় পড়ে যায়।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সকলকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, জখমদের মধ্যে দু’জন মহিলা এবং একটি চার বছরের শিশু রয়েছে।









