শিলিগুড়ি-ঠাকুরগঞ্জ লাইন ডাবলিংয়ের কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা বরাদ্দ করল রেল মন্ত্রক। যে প্রকল্পের কাজ শেষ হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে। সেইসঙ্গে চিকেনস নেক এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি জানিয়েছেন, এখন আলুবাড়ি-ঠাকুরগঞ্জ রেললাইন ডাবলিংয়ের যে কাজ চলছে, সেটাকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
বাগডোগরা, নকশালবাড়ির মতো স্টেশনের লাভ হবে
সেই প্রকল্পের বিষয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ডাবলিং কাজের জন্য ৯১৬.১৮ কোটি টাকা মঞ্জুর করেছে রেল মন্ত্রক। এখন আলুবাড়ি রোড-ঠাকুরগঞ্জ রেললাইন ডাবলিংয়ের যে কাজ চলছে, সেটাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত সম্প্রসারিত করবে। সেই প্রকল্পের আওতায় চলে আসবে বাগডোগরা, নকশালবাড়ি ও অধিকারী-সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশন।’
আরও পড়ুনঃ বড় ইঙ্গিত! তৃণমূলের ভরাডুবি হতেই কোচবিহার পৌরসভায় রবীন্দ্রনাথ
‘শিলিগুড়ি-তরাই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প’
তিনি আরও বলেন, ‘শিলিগুড়ি-তরাই অঞ্চলের জন্য এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই প্রকল্পের ফলে রেলের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, লেট কম হবে এবং সার্বিকভাবে যাত্রী ও পণ্য পরিবহণ ব্যবস্থাকে উন্নত করবে। এই গুরুত্বপূর্ণ অংশে দ্বিতীয় লাইন যুক্ত করার মাধ্যমে আমাদের অঞ্চলের রেল নেটওয়ার্কের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে এই গুরুত্বপূর্ণ অংশে ট্রেন চলাচল আরও মসৃণ ও দ্রুততর হবে। আরও বড় কথা হল, এর মাধ্যমে আমাদের অঞ্চলে আরও বেশি সংখ্যক ট্রেন চালু করা সম্ভব হবে।’
আরও পড়ুনঃ তিস্তার কোলে মায়ের ডাক; সেবক কালী মন্দির
‘চিকেনস নেকের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে’
সেইসঙ্গে দার্জিলিঙের বিজেপি সাংসদ বলেন, ‘উন্নত পরিকাঠামো এবং ৯১৬.১৮ কোটি টাকার বিশাল বিনিয়োগ আমাদের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেনস নেক এলাকায় এটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটাবে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


