আগামী ২৯ এপ্রিল কলকাতায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ৪ মে ভোট গণনার দিন শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করল কলকাতা পুলিশ। ভোটের আগের দিন (২৮ এপ্রিল), ভোটের দিন (২৯ এপ্রিল) এবং গণনার দিন (৪ মে)—এই তিনদিন শহরজুড়ে গাড়ি চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ভোটের দিন ও তার আগের দিনের বিধিনিষেধ (২৮ ও ২৯ এপ্রিল)
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দুই দিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
কসবার অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করা হয়েছে। আলিপুরের জাজেস কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বাকের রোড থেকেও গাড়ি ঘোরানোর নির্দেশ রয়েছে।
হরিশ মুখার্জি ও হাজরা রোড: সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পশ্চিমমুখী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে। দুপুর ১টার পর থেকে কালীদাস পুততুণ্ড লেনের দিক দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হবে। হাজরা ক্রসিংয়ের পশ্চিমমুখী গাড়িগুলোকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
অকল্যান্ড ও লর্ড সিন্হা রোড: এই রাস্তাগুলো পুরোপুরি বন্ধ রাখা হবে।
আরও পড়ুনঃ বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভোটাররা
গণনার দিনে বিধিনিষেধ (৪ মে)
গণনার দিন অর্থাৎ ৪ মে সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কঠোর যান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।
প্রধান রুট: ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের দিকে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোডেও কড়াকড়ি থাকবে। ঠাকুরপুকুর থানা থেকে বাজারের মধ্যবর্তী রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
বন্ধ রাস্তা: গণনার দিন বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড), রিচি রোড, শরৎ বোস রোড (হাজরা থেকে রোল্যান্ড রোড), বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট এবং লর্ড সিংহ রোড বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো-এর রাস্তাও বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ হাওড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষে শুরু লাঠিচার্জ
পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
উল্লিখিত তিনদিন শহরের বেশ কিছু এলাকায় পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রধান এলাকাগুলো হল:
অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে ও রাজডাঙা মেন রোড। বিবেকানন্দ কলেজের সামনে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড—স্ট্র্যান্ড রোড জুড়ে। বিটি রোডের বিভিন্ন অংশ।
বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট ও বাল্মিকী স্ট্রিট।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ প্রয়োজনে যান চলাচলের গতিপথ বদল করা হতে পারে বলেও পুলিশের তরফে সতর্ক করা হয়েছে।



