উত্তপ্ত নির্বাচনের আবহে সচরাচর যা দেখা যায় না, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে সেই বিরল সৌজন্যের সাক্ষী থাকল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তি ও রাজনৈতিক হানাহানির খবর আসছে, তখন কানাইপুর নেতাজি স্কুলের বুথে ধরা পড়ল এক ভিন্ন ছবি। মুখোমুখি হলেন তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোটের জগদ্দলে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ৩৪ নং বুথের পাশে মিলল পাইপগান
এদিন সকালে বুথ পরিদর্শনে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি যখন বুথ থেকে বেরোচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছন তৃণমূল প্রার্থী শীর্ষণ্য। দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরকে দেখে এড়িয়ে যাওয়ার বদলে দাঁড়িয়ে পড়েন। রাজনীতির লড়াই সরিয়ে রেখে বিনিময়ে হয় সৌজন্যের হাসি। মীনাক্ষীর মুখে যেমন হাসি দেখা যায়, তেমনই সৌজন্য ফেরান শীর্ষণ্যও। শেষে হাসিমুখে ‘আসি’ বলে বিদায় নেন মীনাক্ষী।
ভোটের উত্তেজনার মাঝে এই ছবি নিমেষেই ভাইরাল হয়। তবে এই সৌজন্যকে ভালো চোখে দেখছে না বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই দৃশ্য আসলে তৃণমূল ও সিপিএমের গোপন ‘সেটিং’-এর প্রমাণ। যদিও সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও ব্যক্তিগত স্তরে এই সুস্থ সংস্কৃতি গণতন্ত্রের জন্য ইতিবাচক। সব মিলিয়ে, অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝে উত্তরপাড়ার এই ‘মিষ্টি হাসি’ বর্তমানে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু।


