বিশেষ সংবাদ প্রতিনিধি, নতুন দিল্লি:
অনলাইন ও অফলাইনে শিশুদের অধিকার এবং নিরাপত্তা রক্ষায় ফের কড়া পদক্ষেপ করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR)। শিশুদের যৌন নির্যাতন ও শোষণ সংক্রান্ত বেআইনি সামগ্রীর (CSEAM) বিজ্ঞাপন প্রদর্শনের অভিযোগে ভারতে মেটা (Meta)-র ম্যানেজিং ডিরেক্টরকে আজ, ১৬ সেপ্টেম্বর সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে সমন পাঠিয়েছে কমিশন।
এর পাশাপাশি, বেঙ্গালুরুতে ক্যাপজেমিনি (Capgemini) পরিচালিত একটি ডে-কেয়ার সেন্টারে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগে ওই সংস্থার এক ভাইস প্রেসিডেন্টকেও আজ বিকেল ৪টেয় তলব করেছে কমিশন।
আরও পড়ুনঃ উৎসবের মুখে স্বস্তি; চিনির দাম বাঁধল রাজ্য, নিয়ন্ত্রণ আনা হচ্ছে পেঁয়াজের দরও
মেটার বিরুদ্ধে পদক্ষেপ ও শুনানির প্রেক্ষাপট
গত ৩ জুলাই ‘BBC Eye’-এর একটি প্রতিবেদনে মেটা প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত সামগ্রীর বিজ্ঞাপনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে NCPCR।
| বিষয় ও ক্ষেত্র | তদন্তের ধারাবাহিক অগ্রগতি ও পদক্ষেপ |
| প্রাথমিক নোটিস | ৩ জুলাই রিপোর্ট প্রকাশের পর মেটাকে নোটিস পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করে কমিশন। |
| ৯ সেপ্টেম্বরের শুনানি | মেটার ভারতীয় প্রধান উপস্থিত না থেকে কয়েকজন শীর্ষ প্রতিনিধিকে পাঠান। কমিশন তাতে অসন্তোষ প্রকাশ করে সংস্থার প্রধানকেই সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। |
| ১৬ সেপ্টেম্বরের সমন | আজ (১৬ সেপ্টেম্বর) শুনানিতে মেটার ভারত-প্রধানের স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। |
| নীতিগত পরিবর্তন | কমিশনের চাপের মুখে মেটা শিশু যৌন নির্যাতনের অভিযোগ সরাসরি ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)-এর কাছেও রিপোর্ট করা শুরু করেছে। |
আরও পড়ুনঃ বদলে যাবে এই স্টেশনের নাম! প্রস্তাব জমা পড়ল রাষ্ট্রপতির কাছে
ক্যাপজেমিনির ডে-কেয়ার সেন্টারে নির্যাতনের অভিযোগ
আইটি জায়ান্ট ক্যাপজেমিনির বেঙ্গালুরু ক্যাম্পাসে অবস্থিত ডে-কেয়ার সেন্টারে শিশু নির্যাতনের যে অভিযোগ উঠে এসেছে, তাকেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে কমিশন।
সংস্থার পরিচালনাগত কোনো গাফিলতি ছিল কি না এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে সংস্থার ভাইস প্রেসিডেন্টকে কমিশনের মুখোমুখি হতে হচ্ছে। শিশুদের সুরক্ষায় করপোরেট প্রতিষ্ঠানগুলির দায়বদ্ধতা নিশ্চিত করতেই কমিশনের এই জোড়া তলব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


