বিশ্বকাপের গ্রুপ পর্বে নাটক, লড়াই এবং অঘটনের রেশ অব্যাহত। একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান, অন্যদিকে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে সৌদি আরব। একই দিনে আত্মঘাতী গোলের জেরে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল মিসরের।
গ্রুপ ‘জি’-র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে যায় ইরান। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় ওশেনিয়ার প্রতিনিধিরা। দ্রুত গোল হজম করলেও ভেঙে পড়েনি ইরান। মাঝমাঠে বলের দখল বাড়িয়ে ক্রমশ ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। তারই ফল মেলে ৩২ মিনিটে। অভিজ্ঞ ডিফেন্ডার রামিন রেজাইয়ানের গোলে সমতা ফেরে।
আরও পড়ুনঃ স্কুলে ক্লাসররুমের সামনে মহিলাদের অন্তর্বাস, হতবাক করে দেওয়া কাণ্ড পূর্বস্থলীতে
প্রথমার্ধ ১-১ অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা খায় ইরান। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নিউজিল্যান্ডকে আবার এগিয়ে দেন এলিজা জাস্ট। তখন মনে হচ্ছিল, ২০১০ সালের পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড বড় চমক উপহার দিতে চলেছে। কিন্তু এদিন ইরান হার মানার পাত্র ছিল না। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ৬৪ মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বার সমতা ফেরায় তারা। শেষ পর্যন্ত ২-২ ফলেই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে প্রতিযোগিতা আরও জমে উঠল। ইরান দেখিয়ে দিল, কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার মানসিক শক্তি তাদের রয়েছে। বিশেষ করে রেজাইয়ান ও মোহেবির গোল দলের আত্মবিশ্বাস বাড়াবে পরবর্তী ম্যাচের আগে।
আরও পড়ুনঃ ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকেকে চড় যুবকের
অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ১-১ ড্র করেছে। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলের বিরুদ্ধে সৌদির সংগঠিত রক্ষণ এবং পাল্টা আক্রমণ নজর কেড়েছে। ম্যাচের বড় অংশে উরুগুয়ে বলের দখল রাখলেও সৌদি ফুটবলারদের লড়াকু মানসিকতা তাদের মূল্যবান এক পয়েন্ট এনে দেয়। ফলে গ্রুপে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
দিনের আরেক ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম জয়ের স্বপ্ন ভেঙে যায় মিসরের। আত্মঘাতী গোলের কারণে শেষ পর্যন্ত ১-১ ড্র করতে হয় আফ্রিকার দলটিকে। জয় হাতছাড়া হলেও মিসরের লড়াই প্রশংসা কুড়িয়েছে। এর আগে কেপ ভার্দের বিরুদ্ধে ৭০ শতাংশের বেশি বলের দখল রেখেও ড্র করেছে স্পেন। দুর্দান্ত খেলে ছোট্ট দেশটিকে ১ পয়েন্ট এনে দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।


