স্পেনের বিরুদ্ধে নামার আগেই জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সেই বিশ্বকাপেও ব্যর্থ হয়ে বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। স্পেনের কাছে হেরে চোখের জলে মাঠ ছাড়লেন তিনি। এ বার কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পালা? খেলা শেষে তার জবাব নিজেই দিলেন সিআর৭।
২৪ ঘণ্টা আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজ়িলের তারকা নেমার। এ বার কি রোনাল্ডোর পালা? সেই প্রশ্নই করা হয়েছিল। তখনও রোনাল্ডোর চোখে জল। সেই অবস্থাতেই তিনি বলেন, “এ ভাবে বিশ্বকাপ ছেড়ে যেতে খারাপ লাগছে। আমি সবটা দিয়েছি। নিজের সেরাটা দিয়েছি। এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। হ্যাঁ, আমার বিশ্বকাপ কেরিয়ার শেষ।” কয়েক সেকেন্ড থেমে রোনাল্ডো আবার বলেন, “কিন্তু দেশের হয়ে অবসরের বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেব না। সময় আছে। পরিবারের সঙ্গে সময় কাটাব। তার পর সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুনঃ উচ্ছ্বসিত বাংলাদেশি পর্যটকরা; সীমান্তের দরজা খুলে গেল চ্যাংরাবান্ধায়
৪১ বছরের রোনাল্ডো জানিয়েছেন, তিনি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। কারণ, এই দলের এখনও তাঁকে প্রয়োজন রয়েছে। রোনাল্ডো বলেন, “আমি তাড়়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেব না। রাগ বা আবেগের মাথায় কোনও সিদ্ধান্ত নেব না। সব দিক ভেবে সিদ্ধান্ত নেব। পর্তুগালের হয়ে তো ভালই খেলছি। দলকে এখনও আমার দরকার।”
সংযুক্তি সময়ে মিকেল মেরিনোর গোলে জিতেছে স্পেন। রোনাল্ডোর মতে, তাঁদের ভাগ্য খারাপ ছিল। তিনি বলেন, “বিশ্বকাপের মতো প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। আমাদের দল খুব ভাল খেলেছে। খেলার ফল যে কোনও দিকে যেতে পারত। ওদের ভাগ্য ভাল ছিল। আমরা হেরেছি ঠিক। কিন্তু মাথা উঁচু করে বিদায় নেব।”
আরও পড়ুনঃ তখনও বেঁচে ছিল….বারুইপুরে নাবালিকা ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল..’
ডালাস স্টেডিয়ামে রেফারি অ্যান্টনি টেলরের শেষ বাঁশিটা বাজার বেশ কিছু ক্ষণ ইস্পাতকঠিন মুখে দাঁড়িয়ে রইলেন রোনাল্ডো। শুকনো মুখে এ দিক-ও দিক তাকালেন। বোধহয় বোঝার চেষ্টা করছিলেন কী ঘটে গিয়েছে। সতীর্থ থেকে বিপক্ষ, সকলেই এসে একে একে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। কিছুই ছুঁতে পারছিল না তাঁকে। উদাস দৃষ্টিতে চোখ ঘোরাফেরা করছিল স্টেডিয়ামের বিভিন্ন দিকে। একটা সময় আর থাকতে পারলেন না। আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। তত ক্ষণে চোখের কোণ ভরে এসেছে। কোনও মতে চেষ্টা করছেন কান্না চাপার। কিন্তু প্রকাশ্যে কাঁদতে যিনি কোনও দিনই পিছপা হননি, তিনি অকারণে আবেগ চেপে রাখবেনই বা কেন!
রোনাল্ডোর চোখ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এল জল। আরও এক বার। ২০১৬-য় ইউরো কাপের ফাইনালে শুরুতেই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রকাশ্যে কেঁদেছিলেন। সে দিনই আন্তর্জাতিক ট্রফি উঠেছিল তাঁর হাতে। তার পরের কান্না শুধুই দুঃখের। কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেও চোখের জল বাঁধ মানেনি। টানেলেই কেঁদেছিলেন। সোমবার রাতে ডালাসে তাঁর চোখে আরও এক বার জল দেখা গেল। রোনাল্ডো বুঝতে পারছিলেন, এই মঞ্চে আর আসা হবে না। এটাই শেষ বার। আরও এক বার খালি হাতেই ফিরতে হল তাঁকে।


