দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার, একাধিক দুর্নীতি এবং গরিব মানুষের ত্রাণের সামগ্রী লুটের অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ । রবিবার হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেফতারের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা । এই ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় কেন্দ্রীয় বাহিনী, হেমনগর কোস্টাল থানা এবং হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীকে ।
আরও পড়ুনঃ কড়া অবস্থান, ফোকাসে চিকেনস নেক লাগোয়া নদীপথ! ময়দানে ‘আন্ডারওয়াটার সেন্সর’
রবিবার সকাল থেকেই প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে তাঁরা দেবেশ মণ্ডলের অবিলম্বে গ্রেফতার এবং তাঁর সম্পত্তির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান । বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়ক থাকাকালীন দীর্ঘ দেড় দশক ধরে এলাকায় একছত্র আধিপত্য কায়েম করেছিলেন দেবেশ মণ্ডল । সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে তিনি সবসময় দুর্নীতির পক্ষে থেকেছেন এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করেছেন ।
বিক্ষোভকারী সুজালা গায়েন বলেন, “দেবেশ মণ্ডল বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ । সাধারণ মানুষের পাশে কখনো দাঁড়াননি, সবসময় দুর্নীতির পক্ষে দাঁড়িয়েছেন । পরশুদিন ওনার বাড়ি থেকে চার লরি মাল রাত্রিবেলা ধরা পড়েছে । উনি বলছেন, ওটা সরকারের ঘরে চলে যাচ্ছে । সরকারের ঘরের মাল হলে দিনের বেলা গেল না কেন ? রাত্রিবেলা কেন ? আমাদের গোবিন্দকাটি শ্মশানঘাটেরও ১৪ লাখ টাকা নিয়ে প্রশ্ন রয়েছে । আমরা এই প্রাক্তন এমএলএ দেবেশবাবুর অবিলম্বে গ্রেফতার চাই এবং ইডি-সিবিআই তদন্ত চাই ।”
আরও পড়ুনঃ ঐতিহাসিক সিদ্ধান্ত, বদলে যাচ্ছে কলকাতার রাস্তার নাম; ‘রক্তমাখা ইতিহাস’ মুছে দিল কলকাতা পুরসভা
বাসিন্দাদের আরও দাবি, আমফান ও ইয়াসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় গরিব মানুষের জন্য আসা ত্রাণ সামগ্রীও আত্মসাৎ করা হয়েছিল । অভিযোগ, সেই সময় বহু প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হলেও শাসকদলের ঘনিষ্ঠদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছিল । দুর্নীতিবাজ এই প্রাক্তন বিধায়ককে অবিলম্বে গ্রেফতার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।
বিক্ষোভে শামিল হয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও । এলাকায় উপস্থিত হয়ে জেলা এসসি মোর্চার সভাপতি তথা বিজেপি নেতা তরুণ মণ্ডল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, “দেবেশ মণ্ডল ১৫ বছর ধরে যে অত্যাচার চালিয়েছেন, তার প্রতিবাদেই আজকে মহিলারা পর্যন্ত রাস্তায় নেমেছেন এবং ওনার গ্রেফতারের দাবি জানাচ্ছেন । আমরা চাই ওনাকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং ওনার সম্পত্তির বিরুদ্ধে ইডি ও সিবিআই তদন্ত শুরু হোক ।”
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল । ফোনে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “দেখুন, কী দুর্নীতি যে আমি করেছি আমি তো নিজেই জানি না কিছু । ওরা কী জানে, ওরাই বলছে । আমি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নই । রাজনৈতিকভাবে আমাকে কালিমালিপ্ত করতেই এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে । আর একটা কথা, ওরা যে আমার বাড়ি তল্লাশি করতে চাইছে, মালপত্র আছে বলছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিয়েছি, সার্চ করে দেখতে পারে, আমার কোনো আপত্তি নেই ।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাহিনী । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে ।


