কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
জার্মানি ১ : ১ প্যারাগুয়ে (টাইব্রেকারে প্যারাগুয়ে ৪–৩ গোলে জয়ী)
বিশ্বকাপে আরেকটি বড় অঘটনের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকার পর পেনাল্টি টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল প্যারাগুয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে প্যারাগুয়ে। তারই ফল ৪২ মিনিটে। মাতিয়াস গালারসার দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হুলিও এনসিসো। বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল।
আরও পড়ুনঃ সামুরাই সূর্যাস্ত; শিষ্য জাপানকে হারিয়ে শেষ ষোলোয় গুরু ব্রাজিল
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জার্মানি। ৬৩ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজের হেডে সমতা ফেরে (১-১)। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় জার্মানি। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
অতিরিক্ত সময়ে জনাথন তাহের হেড থেকে জার্মানি গোল পেলেও ভিএআর পরীক্ষার পর সেটি বাতিল হয়ে যায়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরুতেই কাই হাভার্টজের শট রুখে দেন গিল। পরে নিক ভোল্টেমাডের শটও অসাধারণ দক্ষতায় আটকে দেন তিনি। অন্যদিকে জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার একটি শট বাঁচিয়ে দলকে আশা দেখালেও শেষ পর্যন্ত জনাথন তাহের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।
আরও পড়ুনঃ কাপ জিতবে পর্তুগাল! তুকতাক ঘানার ওঝার
এরপর হোসে কানালে জোরালো শটে বল জালে জড়িয়ে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেন।
৩১ ধাপ পিছিয়ে থাকা ফিফা র্যাঙ্কিংয়ের দল হয়েও জার্মানিকে বিদায় করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ঘটাল প্যারাগুয়ে। অন্যদিকে ৭৫ শতাংশেরও বেশি বল দখলে রেখেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশার বিদায় নিতে হল জুলিয়ান নাগেলসমানের জার্মানিকে।


