পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও ব্যবসার কতটা সুযোগ আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের মধ্যেই ভারতে অবস্থিত ফরাসি দূতাবাস এবং ইন্দো-ফরাসি বণিক গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে আলোচনা হল। মোদীর সফরের সময় উদ্ভাবন, বাণিজ্য, অসামরিক পরমাণু শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ১৯টি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সেই আবহে পশ্চিমবঙ্গের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে বলে সূত্রের খবর। আধিকারিকরা জানিয়েছেন, ভারত-ফ্রান্সের আর্থিক সম্পর্ক আরও বৃদ্ধি করার উপরে যখন জোর দেওয়া হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে ফরাসি কোম্পানিগুলির সামনে কী কী দরজা উন্মুক্ত আছে, তার উপরে জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ TMC কালে কাটমানি-তোলা! পালাবদলে সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা
ভারত–ফ্রান্স সম্পর্কের ফলে লাভবান হতে পারে পশ্চিমবঙ্গ
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (আইসিসি) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পার্থিব নেওটিয়া জানিয়েছেন, ভারত-ফ্রান্সের সম্পর্কের গ্রাফ যে ক্রমশ উপরে উঠছে, সেটার ফলে লাভবান হতে পারে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার যে নয়া শিল্প এবং আর্থিক নীতি ঘোষণা করতে পারে বলে জল্পনা চলছে, তার ফলে বিভিন্ন ফরাসি সংস্থার কাছে নয়া সম্ভাবনা তৈরি হতে পারে। যে সংস্থাগুলি দু’দেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে কাজ করবে।
সূত্রের খবর, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আয়োজিত ওই আলোচনা চক্রে অংশগ্রহণকারীরা পরামর্শ দিয়েছেন যে আগামী পাঁচ বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার (১৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩২ বিলিয়ন মার্কিন ডলার) যে ব্রত নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে পশ্চিমবঙ্গ যাতে লাভবান হয়, সেজন্য রাজ্যকে আরও ভালোভাবে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে।
আরও পড়ুনঃ ‘আত্মসমর্পণ নয়’- ১১ ঘণ্টার জেরা শেষে ‘বিস্ফোরক’ অভিষেক
ফরাসি বিনিয়োগের আদর্শ স্থান হতে পারে পশ্চিমবঙ্গ
বণিক গোষ্ঠীর মতে, পশ্চিমবঙ্গে থেকে ফ্রান্সে বিভিন্ন জিনিস রফতানি করার সুযোগ আছে। তাছাড়াও বন্দরের সংযোগ, ক্রমবর্ধমান স্টার্ট-আপ সেক্টরের ফলে ফরাসি বিনিয়োগের আদর্শ স্থান হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গ হল ‘গেটওয়ে’
২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রফতানির অঙ্কটা ১২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল। ২,০০০-র বেশি স্বীকৃত স্টার্ট-আপ আছে। শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর-পূর্ব ভারত এবং বিমস্টেকের (ভারত, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড এবং বাংলাদেশ) গেটওয়ে হল পশ্চিমবঙ্গ। সবমিলিয়ে পশ্চিমবঙ্গ ফরাসি বিনিয়োগের আদর্শ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করছে বণিক গোষ্ঠী।


