ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য। এই যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষায় অত্যন্ত কঠোর ও জরুরি সতর্কবার্তা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। ভারতীয়দের উদ্দেশ্যে সাফ জানানো হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই অবিলম্বে ইরান ত্যাগ করুন। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা; ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা
পরিস্থিতি থমথমে, দ্রুত নিরাপদ স্থানে সরুন’, কড়া বার্তা দূতাবাসের
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার দ্রুত অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে ইরানে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দূতাবাসের পরামর্শ
- বর্তমানে ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার তোড়জোড় করা উচিত।
- যারা এখনই দেশ ছাড়তে পারছেন না, তারা অবিলম্বে কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন।
- স্থানীয় প্রশাসন এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দেওয়া সমস্ত সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করুন।
পাশাপাশি, ভারত থেকে যারা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশে জানানো হয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের দিকে অপ্রয়োজনীয় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলাই শ্রেয়।
বন্ধ সমস্ত বিমানবন্দর, থমকে গেল আকাশপথ
ইজরায়েলি বিমান হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইরানে কার্যত এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পশ্চিম ইরানের কেরমানশাহ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল বাতিল করা হয়েছে। আজ সকালে তেহরান, ইসফাহান শহরকে লক্ষ্য করে ইজরায়েলি হামলার খবর আসতেই এই যুদ্ধকালীন পদক্ষেপ নেয় ইরান সরকার।
আরও পড়ুনঃ বিস্ফোরক গোপন রিপোর্ট সামনে আনল ‘দ্য স্টেটসম্যান’! মদ-নীতিতে ‘হাজার কোটির লুট’
রকেট হামলায় কাঁপছে ইজরায়েল, যুদ্ধের আবহে বাড়ছে উদ্বেগ
সূত্রের খবর, ইরান থেকে ইজরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করার পর জেরুজালেম সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় উচ্চ সতর্কতা (High Alert) জারি করা হয়েছে। তেল আবিব জুড়ে এখন শুধুই সাইরেন আর বিস্ফোরণের বিকট শব্দ। পরিস্থিতি খতিয়ে দেখতে কাতারের প্রধানমন্ত্রী এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে জরুরি ফোনালাপ হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে এই আগুনে ঘি ঢেলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। তাদের দাবি, ইজরায়েলের জাফা অঞ্চলের একাধিক সংবেদনশীল সামরিক ঘাঁটিতে তারা সফল হামলা চালিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, আর ঠিক এই কারণেই সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছে নয়াদিল্লি।


